নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ৬ আগস্ট ২০২৬

নদীদূষণ রোধে এক মাসের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে এক মাসের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করতে এক মাসের মধ্যে একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে শুরু হওয়া এই উদ্যোগ পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীতেও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

নদী দূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) বাধ্যতামূলকভাবে কার্যকর রাখা, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাজধানীর নদীগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে। পরিকল্পনায় দূষণের উৎস চিহ্নিত করা, তা নিয়ন্ত্রণে করণীয়, দায়িত্ব বণ্টন এবং বাস্তবায়নের সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে।

ডিএসসিসি প্রশাসক জানান, সরকারের লক্ষ্য শুধু বুড়িগঙ্গা নয়; রাজধানীকে ঘিরে থাকা তুরাগ, বালু ও শীতলক্ষ্যাসহ সব নদীর পানির গুণগত মান উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা। পরবর্তীতে একই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নদীতেও বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শিল্পকারখানা থেকে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলা বন্ধে প্রতিটি কারখানায় কার্যকর এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন ও সচল রাখা নিশ্চিত করা হবে। যেসব প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করবে কিংবা ইটিপি থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে দূষিত বর্জ্য নদীতে ফেলবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. আবদুস সালাম বলেন, নদী দূষণ অব্যাহত থাকলে শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসম্পদ এবং নগরজীবনও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই নদী রক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সরকার দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করছে।

আরও পড়ুন: জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

বৈঠকে রাজধানীসংলগ্ন নদীগুলোর বর্তমান অবস্থা, দূষণের প্রধান উৎস এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, অপরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থা, খাল ও ড্রেনের মাধ্যমে বর্জ্য নদীতে প্রবাহিত হওয়া, কঠিন বর্জ্য ফেলা, নদী দখল এবং নাব্যতা সংকটকে দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এসব সমস্যা মোকাবিলায় শিল্পকারখানায় ইটিপি কার্যকর রাখা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীতে বর্জ্য ফেলা সম্পূর্ণ বন্ধ করা, নিয়মিত পরিবেশগত নজরদারি, দূষণকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান এবং পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও জোর দেওয়া হয়।

সভায় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশবাদী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদেরও নদী রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বৈঠকে আলোচনায় উঠে আসে, রাজধানীর চারপাশের নদীগুলো দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য, গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক ও বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে মারাত্মক দূষণের শিকার হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুষ্ক মৌসুমে নদীর পানির গুণগত মান দ্রুত অবনতি ঘটে। পরিবেশবিদদের মতে, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা গেলে নদীদূষণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সরকারের নতুন এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি দেশের নদী ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত হলে তা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানির মান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়