দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ছবি: সংগৃহীত
উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ম্যাচের প্রথম ৩২ মিনিটেই তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে দেন এই ফরাসি ফরোয়ার্ড। শেষ দিকে দেজিরে দুয়ের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লে ব্লুজরা।
শুক্রবার (২৬ জুন) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় ও দর্শকরা।
খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হলেও পোস্টে লেগে ফিরে আসে কিলিয়ান এমবাপ্পের শট। তবে সপ্তম মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে।
২০ মিনিটে এমবাপ্পের নিখুঁত থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। এক মিনিট পর থেলো আসগার্ড গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করলেও ৩২ মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তিও গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে নরওয়ে পেনাল্টি পেলেও জর্গেন স্ট্র্যান্ড লারসেনের শট দারুণ দক্ষতায় রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনান। এরপর উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।
আরও পড়ুন: রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্র্যাডলি বারকোলার ক্রস থেকে হেডে গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।
নিউজবাংলাদেশ.কম/এসবি








