যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার
নাহিদা এস. বৃষ্টি ও জামিল লিমন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার আট দিন পর বাংলাদেশি এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেটকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার হওয়া হিশাম আবুঘরবেহ (২৬) নিহত জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিখোঁজ শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। তার সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। ওইদিন সকালে জামিলকে তার ছাত্রাবাসের কাছাকাছি এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা গিয়েছিল। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরদিন ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে এবং তদন্ত শুরু করে।
আরও পড়ুন: ‘ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই কথা রেখেছেন প্রধানমন্ত্রী’
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং একে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জানান, নিখোঁজ নাহিদা এস বৃষ্টির সন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








