দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান বধ, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি: সংগৃহীত
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রচিত হলো বাংলাদেশের ক্রিকেটের এক নতুন মহাকাব্য। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০৪ রানের এক দাপুটে জয় তুলে নিয়েছে টিম টাইগার্স।
মঙ্গলবার (১২ মে) রোমাঞ্চকর এই টেস্টের পঞ্চম দিনে সফরকারীদের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৩ রানে গুঁড়িয়ে দিয়ে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করে শান্ত-লিটনের দল।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়, যার মাধ্যমে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
দেশের মাটিতে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টেস্টে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অবিস্মরণীয় অর্জনের জন্য প্রশংসা করেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি টাইগারদের এই সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সঙ্গে প্রেস উইং এবং ডেপুটি প্রেস সচিবের পক্ষ থেকেও জানানো হয় যে, এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবং দেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।
আরও পড়ুন: নাহিদ-ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান, ১০৪ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের
মিরপুর টেস্টে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রানের শক্ত ভিত গড়ে তোলে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হলে বাংলাদেশ ২৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে শান্ত ও মুমিনুলের গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীদের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। তবে চাপের মুখে পাকিস্তান ১৬৩ রানে গুটিয়ে যায় এবং বাংলাদেশ ১০৪ রানের দাপুটে জয় নিশ্চিত করে।
এই জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি শেষ দিনে ভয়ংকর স্পেল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ১১ রানের ব্যবধানে পাকিস্তানের শেষ ৫ উইকেট পড়ে যায়, যার মধ্যে ৪টি একাই নেন তিনি। মোট ৫ উইকেটে ৪০ রানের অসাধারণ বোলিং ফিগার নিয়ে তিনি নিজের টেস্ট ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দেন।
এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ২৩ বছরের দ্বিপাক্ষিক টেস্ট ইতিহাসে একাধিকবার কাছাকাছি গিয়েও জয় না পাওয়া টাইগাররা অবশেষে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে হারাতে সক্ষম হলো। এর আগে অবশ্য ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ তাদের বিপক্ষে টানা দুটি টেস্ট জয় অর্জন করেছিল, যা ছিল বিদেশের মাটিতে প্রথম সাফল্য। এবার ঘরের মাঠে সেই ধারাবাহিকতা আরও শক্তভাবে প্রতিষ্ঠা করল দলটি।
মিরপুরে এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ, যা সাম্প্রতিক সময়ের ক্রিকেট পারফরম্যান্সে দলের অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে এই জয় স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








