রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫০, ১৫ মে ২০২৬

চট্টগ্রামে এনসিপির কমিটি ঘোষণার পরই ২২ নেতার পদত্যাগ

চট্টগ্রামে এনসিপির কমিটি ঘোষণার পরই ২২ নেতার পদত্যাগ

পদত্যাগ করা এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই দলে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অযোগ্য ও বিতর্কিত’ ব্যক্তিদের পদায়নের অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা।

শুক্রবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাদের নাম প্রকাশ করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ।

এর আগে বৃহস্পতিবার রাতে মীর মোহাম্মদ শোয়াইব-কে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীন-কে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদনের পরপরই পদত্যাগের ঘোষণা আসে।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, ডা. মাহতাব উদ্দিন আহমদ এবং দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ। এছাড়া যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েসসহ আরও ১৮ জন নেতাকর্মী রয়েছেন।

রাফসান জানি রিয়াজ বলেন, আদর্শ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু নতুন কমিটিতে নারী কেলেঙ্কারিতে জড়িত, সাজাপ্রাপ্ত আসামি এবং রাজনীতিতে সক্রিয় নন এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। অথচ রাজপথে আন্দোলনে থাকা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, শুরুতে যারা দলের ব্যানার নিয়ে রাজপথে ছিলেন, তাদের অনেকেই কমিটিতে স্থান পাননি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনাস্থাপত্র ও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আ.লীগ সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছি: তথ্যমন্ত্রী

অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ শোয়াইব বলেন, বড় কমিটিতে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। কারও পছন্দের ব্যক্তি বাদ পড়ায় মনোমালিন্য তৈরি হয়ে থাকতে পারে। তবে আলোচনার পথ খোলা রয়েছে।

সদস্যসচিব আরিফ মঈনুদ্দীন দাবি করেন, দলের নীতির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিযোগগুলো সঠিক নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, পদত্যাগকারীরা ভুল বুঝতে পেরে আবার দলে ফিরে আসবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়