বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন নিয়ম চালু করল ভারত
ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন নিয়ম চালু করল ভারত
ভারতের নাগরিকত্ব পেতে এখন থেকে বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এ লক্ষ্যে ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে ভারত সরকার।
এ বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন বিধান অনুযায়ী, ভারতের নাগরিকত্বের জন্য আবেদনকারী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান-এর নাগরিকদের জানাতে হবে, তাদের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না।
যাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তারা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পর নতুন এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এই তফসিল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য।
এর আগে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে ভারত সরকার। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: তথ্যমন্ত্রী
এর ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী এনে পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও স্পষ্ট করল ভারত সরকার। সূত্র: আনন্দবাজার পত্রিকা
নিউজবাংলাদেশ.কম/এসবি








