কুমিল্লায় পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করেন। এ সময় মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
দাউদকান্দি এলাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন-এর অনুসারীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে একনজর দেখতে তাকে বহনকারী বাসের চারপাশে ভিড় করেন। পরে প্রধানমন্ত্রী বাস থামিয়ে কায়কোবাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কি.ম. বেগে ঝড়ের আভাস
দলীয় সূত্র জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








