২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছেড়ে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে নিয়ে এবারের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও ঈদ যাত্রার ভোগান্তি কমাতে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের যাত্রার জন্য, অর্থাৎ ২৪ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। সে অনুযায়ী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র যাত্রার টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।
আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শুধু ঈদযাত্রাই নয়, ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও প্রকাশ করেছে রেলওয়ে। আগামী ২১ মে বিক্রি হবে ৩১ মে’র ফিরতি টিকিট। এরপর ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।
এদিকে যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনের টিকিট সংগ্রহে ব্যাপক চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছে রেলওয়ে। এজন্য অনলাইন সার্ভার সক্ষমতা বাড়ানো, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ এবং স্টেশন এলাকায় অতিরিক্ত নজরদারির মতো বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








