নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৭, ১২ মে ২০২৬

রোহিঙ্গা সংকটে ওআইসি’র সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটে ওআইসি’র সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটকে মানবিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ইস্যু হিসেবে উল্লেখ করে এর স্থায়ী সমাধানে মুসলিম বিশ্বের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর কূটনীতিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বাংলাদেশে চলমান উন্নয়ন ও মানবিক ইস্যুতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে প্রাথমিক পর্যায়ের মতবিনিময় হয়।

আরও পড়ুন: শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে দেওয়া বক্তব্যে ওআইসি সদস্য দেশগুলোর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল থেকে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে তিনি বলেন, এর টেকসই সমাধানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় ও সমন্বিত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ইরান, ইরাক ও লিবিয়ার মিশনপ্রধানরা অংশ নেন। তারা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। বৈঠকে কূটনৈতিক মহলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনার বার্তাও স্পষ্টভাবে উঠে আসে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম/মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ ও সমর্থন জোরদার করার পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়