শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হচ্ছে এবং পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে নতুন কারিকুলাম সাজানো এখন সময়ের দাবি। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, উদ্ভাবনে এগিয়ে না গেলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, মেধা পাচার রোধ করে মেধাকে কাজে লাগিয়ে দেশ গড়তে চায় সরকার। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্য রয়েছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।
আরও পড়ুন: ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও জানান, ফ্যাসিবাদ বিদায়ের পর নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








