নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ১৪ মে ২০২৬

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত

সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’র সকল ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। 

বুধবার (১৩ মে) প্রতিষ্ঠানের অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠকদের এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ সামনে আসায় একটি নিরপেক্ষ অডিট পরিচালনার স্বার্থে আপাতত সব কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তবে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্টদের সাময়িক এই সিদ্ধান্তকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

একই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিস্থিতি ও মালিকানা কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠাতা প্রয়াত লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ২০২২ সালের জানুয়ারিতে মৃত্যুবরণ করার পর থেকে প্রতিষ্ঠানটির পরিচালনায় কিছুটা স্থবিরতা তৈরি হয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তাঁর মৃত্যুর পর দুই পুত্র কাজী শাহনূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। পাশাপাশি উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন মাসুমা মাইমুর, যিনি পারিবারিকভাবে বিষয়গুলো সমন্বয় করছেন বলে জানিয়েছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিক্রয়কেন্দ্র, বিশেষ করে ঢাকার বাংলাবাজার এলাকার আউটলেটসহ একাধিক শাখায় বই বিক্রির অর্থ জমা না হওয়া, অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠে আসে। অভিযোগগুলো প্রথমে অভ্যন্তরীণ পর্যায়ে গোপন তদন্তের মাধ্যমে যাচাই করা হয় এবং পরে তা আরও গুরুতর আকার ধারণ করে বলে দাবি করা হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম পরিচালনা এবং আইনি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় পরিবার ও অংশীদাররা।

আরও পড়ুন: দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

এদিকে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। মাসুমা মাইমুর একাধিক মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে পরিচালনাগত দুর্বলতা ও কিছু কর্মচারীর অনিয়মের কারণে আর্থিক স্বচ্ছতা ব্যাহত হচ্ছিল। 

তার দাবি অনুযায়ী, ছয় মাস ধরে গোপন অনুসন্ধানে এসব অনিয়ম শনাক্ত করা হয় এবং পরে রমনা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, দ্রুত পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করে আবারও কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তবে পারিবারিক দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা এটিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। 

মাসুমা মাইমুরের ভাষ্য অনুযায়ী, এটি কোনো পারিবারিক সংঘাত নয়, বরং আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারের উদ্দেশ্যে নেওয়া একটি যৌথ সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি পাঠক ও সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং জানান যে তদন্ত ও অডিট শেষে প্রতিষ্ঠানটি নতুনভাবে কার্যক্রম শুরু করতে পারে।

উল্লেখ্য, সেবা প্রকাশনী ১৯৬৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং বাংলা জনপ্রিয় সাহিত্যের জগতে বিশেষ করে অ্যাডভেঞ্চার, গোয়েন্দা ও থ্রিলার ঘরানার বই প্রকাশের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মাসুদ রানা ও তিন গোয়েন্দার মতো সিরিজের মাধ্যমে প্রতিষ্ঠানটি কয়েক দশক ধরে কিশোর ও তরুণ পাঠকের কাছে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমান স্থগিতাদেশকে কেন্দ্র করে পাঠকমহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, অডিট শেষে কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়