নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৮, ৪ মে ২০২৬

জুলাইযোদ্ধা ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

জুলাইযোদ্ধা ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ফাইল ছবি

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা ২০৮ জন প্রবাসী ‘জুলাইযোদ্ধা’র প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সোমবার (০৪ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের এই নির্দেশনার ফলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। 

শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবে বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিক সংহতি প্রকাশ করেছিলেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করতে গিয়ে ৫৭ জন শ্রমিক সাজাপ্রাপ্ত ও কার নির্যাতনের শিকার হন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র-জনতার ঐকান্তিক প্রচেষ্টায় তারা মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। সরকার ইতোমধ্যে এই ৫৭ জনসহ মোট ২০৮ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আরও বলেন, এই প্রবাসীরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন এবং প্রবাসে থাকাকালীন তাদের উপার্জনের পথ হারিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। তাদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং নতুন করে জীবন শুরুর তাগিদে রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার। আমরা রিটে প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় প্রবাসের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রাজপথে নেমে আসেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কঠোর আইন থাকা সত্ত্বেও তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সমর্থন করেন। এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনে ভূমিকা রাখা এসব প্রবাসীদের অবদানের রাষ্ট্রীয় মূল্যায়ন ও টেকসই পুনর্বাসনের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়