হরমুজ প্রণালিতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের দাবি ইরানের
ছবি: সংগৃহীত
ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান।
সংবাদ সংস্থা আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক।
হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আইআরজিসির নৌবাহিনীর দাবি, বর্তমানে প্রণালিটি তাদের পূর্ণ সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, শত্রুভাবাপন্ন দেশের কোনো সামরিক জাহাজ বা নৌযান এই প্রণালি ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই চলাচল করতে পারবে।
গত কয়েক দিনে এই জলপথে নৌচলাচল কিছুটা বেড়েছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বিশেষ করে চীনা কোম্পানির কয়েক ডজন জাহাজ এই পথ ব্যবহার করেছে। তবে নতুন ঘোষণার পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজ চলাচলের তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে ইরানের এমন ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








