ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগে প্রস্তুত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংস্টার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের ঘনিষ্ঠ মহলকে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
মন্ত্রিসভার এক সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা ‘নিজের শর্তে’ করতে চান।
ওই সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে তিনি মনে করছেন। তবে মর্যাদা বজায় রেখে এবং নিজের পছন্দমতো সময়েই দায়িত্ব ছাড়তে চান স্টারমার। এ জন্য তিনি একটি সময়সূচি ঘোষণার পরিকল্পনাও করছেন বলে জানা গেছে।
বর্তমানে ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে সংকটে পড়েছে লেবার পার্টি সরকার। পিটার ম্যান্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইন-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল সব মিলিয়ে স্টারমারের ওপর চাপ বেড়েছে।
সবশেষ ধাক্কা আসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের মাধ্যমে।
শনিবার ওয়েস স্ট্রিটিং জানান, ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের প্রার্থিতা তুলে ধরবেন। একইসঙ্গে তিনি স্টারমারকে দ্রুত সরে দাঁড়ানোর জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানান।
এদিকে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি স্টারমারের জনপ্রিয়তাও দ্রুত কমছে। জরিপ সংস্থা ইউগভ-এর এক জরিপ অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থা চালুর ঘোষণা ইরানের
জরিপে আরও বলা হয়েছে, বর্তমানে স্টারমার যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। অনেকেই তার পরিস্থিতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস-এর স্বল্পমেয়াদি শাসনামলের তুলনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








