হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থা চালুর ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি বিশেষ ব্যবস্থা বা মেকানিজম তৈরি করেছে ইরান, যা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
শনিবার (১৬ মে) দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ ঘোষণা দেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।
ইব্রাহিম আজিজি জানান, নতুন এই ব্যবস্থার সুবিধা শুধু বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। পাশাপাশি নির্ধারিত সেবার বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে ফি বা শুল্ক আদায় করা হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও নিয়ন্ত্রিত ও কাঠামোবদ্ধ করা হবে।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছিলেন, কোনো ধরনের ফি প্রদান করলে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: আরও ৪৫ দিন বাড়ল লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ
বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটকে ঘিরে নতুন পদক্ষেপ বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








