বেঁচে থাকার সংগ্রামের গল্পে নতুন ওয়েব সিনেমায় মাধুরী
মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত দীর্ঘ সময় পরও দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি। আশির দশকের শেষ দিক থেকে ২০০৫ সাল পর্যন্ত বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করা এই তারকা এখনও সমানভাবে প্রাসঙ্গিক। তাই তার জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছে নেটফ্লিক্স।
আগামী ৪ জুন, মাধুরী দীক্ষিতের ৫৯তম জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ওয়েব সিনেমা ‘মা-বেহেন’। সিনেমাটি নির্মাণ করেছেন সুরেশ ত্রিবেনী। কাহিনি ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন পূজা তোলানি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, রবি কিষাণ, ধর্না দুর্গা, অরুন্ধয় সিং, গীতাঞ্জলি কুলকার্নি, শারদুল ভারদ্বাজ ও রমা শর্মা।
‘মা-বেহেন’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে কয়েকজন নারীর জীবনসংগ্রামকে ঘিরে। পরিবার ও সমাজের নানা চাপের মধ্যে টিকে থাকার লড়াইয়ে থাকা এসব নারীর একজন রেখা। তার জীবনে হঠাৎ অপ্রত্যাশিত মোড় আসে, যখন নিজের রান্নাঘরে একটি মৃতদেহ দেখতে পান তিনি।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে মেয়েরা জয়া ও সুষমাকে নিয়ে একের পর এক জটিলতার মুখোমুখি হন রেখা। কৌতূহলী প্রতিবেশী, গোপনীয়তা রক্ষা এবং বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগোতে থাকে ভিন্ন মাত্রায়।
আরও পড়ুন: কারিনার মরদেহ ফিরছে রবিবার, সোমবার মুন্সিগঞ্জে দাফন
মাধুরী দীক্ষিত বলেন, ‘মা-বেহেন’ ভিন্ন ধরনের একটি গল্প। এর চরিত্রগুলো খুব পরিচিত বাস্তবতার প্রতিচ্ছবি। নির্মাণশৈলীতেও রয়েছে সময়ের ছাপ, যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে। জন্মদিনে সিনেমাটি মুক্তি পাওয়া তাঁর জন্য বিশেষ আনন্দের বিষয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








