কারিনা কায়সার মারা গেছেন
কারিনা কায়সার। ছবি: সংগৃহীত
লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার (১৫ মে)তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ওকে আর বাঁচানো গেল না।
পারিবারিক ও চিকিৎসাসূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে লিভারের জটিলতায় সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
চেন্নাইয়ে নেওয়ার পর ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে যকৃত প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং গত শুক্রবার তার লিভার বিকল হয়ে যায়।
আরও পড়ুন: নতুন লুকে ধরা দিলেন শাকিব খান
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








