মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান।
রবিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
ওসি জানান, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিত্ময় দাসসহ তার পরিবারের তিন সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি
তিনি আরও জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








