রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি
ফাইল ছবি
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম ও উসকানিমূলক প্রচারণাকে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। এতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা কর্মসূচির চেষ্টা হতে পারে। এমন সম্ভাবনা মাথায় রেখেই যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের বিশেষ দিবস রয়েছে কি না, সেটি পুলিশের মূল বিবেচ্য নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাত থেকেই তল্লাশি, টহল ও পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








