|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৫, ১২ মে ২০১৫
আপডেট: ১১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

সিগারেট বাংলাদেশে বিনোদনের মাধ্যম: অর্থমন্ত্রী

সিগারেট বাংলাদেশে বিনোদনের মাধ্যম: অর্থমন্ত্রী

ঢাকা: দেশের নাগরিকদের বিনিদনের সুযোগ কম থাকায় সিগারেট বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী অর্থবছরের (২০১৫-১৬) বাজেট সামনে রেখে আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এই সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের দেশে সিগারেটের একটা বিশেষত্ব রয়েছে। কারণ আমাদের দেশে তো বিনোদনের সুযোগ খুব কম। এ সিগারেট ফোঁকা সেই বিনোদন হিসেবে বিবেচিত হয়। তাই তার উপর আক্রমণ অত শক্তিশালী হয় না।”

সভায় তামাকজাত পণ্যে করের হার বিশ্বের অন্যান্য দেশে যে হারে নেয়া হয় সেই হারে নেয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেটে আমরা আরো একটি পরিবর্তন আনার চেষ্টা করবো। আমরা এতদিন তামাকের যে কর সেটা মোটামুটিভাবে টোবাকো কোম্পানির সঙ্গে আলোচনার টেবিলে বসে সমঝোতার মাধ্যমে তৈরি করে নিতাম এবং সেখানে তাদের বিভিন্ন স্তরের করের বিষয়ে বলে দিতাম। যা আমাদরে কর্তব্য নয়, এটা তাদের বিষয় তাই তাদের উপর ছেড়ে দেওয়া উচিৎ। এবছর আমরা তাই করছি। এবছর তাদের সঙ্গে আমরা আলোচনায় যাবনা। অন্যান্য দেশে তামাকের ক্ষেত্রে যেরকম কর আদায় করা হয় ঠিক সেই রকমই আদায় করা হবে।”    

তামাক অত্যন্ত ক্ষতিকর সামগ্রী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “যদিও এটি অত্যন্ত জনপ্রিয়।  এ নিয়ে বিশ্বে সামাজিক অনেক সংগঠন রয়েছে, যারা এর বিরুদ্ধে আন্দোলন করে আসছেন।  আমাদের দেশের ডা নূর ইসলাম এর বিরুদ্ধে ‘আধুনিক’ নামের বড় আন্দোলন শুরু করেছেন। আমার মনে হয় এ ধরনের আন্দোলনের প্রয়োজন আছে। কারণ অনেক বিষয় রয়েছে, সেসব বিষয়ে মানুষকে সচেতন করতে হয়। তাদের জ্ঞান দিতে হয়, বুঝাতে হয়।”

নতুন বাজেটে কর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “১৬ কোটি মানুষের দেশে কর দেন মাত্র ১১ লাখ। টিআইএন আছে ১৮ থেকে ১৯ লাখ মানুষের। আমাদের বক্তব্য হলো, বিভিন্ন করের আওতায় আরও ব্যাপকসংখ্যক মানুষকে নিয়ে আসা। ২০০৯ সালে বলেছিলাম, আমাদের উচিত ৫০ শতাংশ মানুষকে করের আওতায় নিয়ে আসা। কিন্তু সেটা হচ্ছে না।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়