নতুন সিরিজের নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি
ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নতুন নকশা ও সিরিজের ব্যাংক নোট ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের আওতায় ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নোট সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এসব নোট সরবরাহ করা হবে।
নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সংবলিত রয়েছে, যা নতুন গভর্নরের স্বাক্ষরে বাজারে ছাড়া প্রথম দিকের নোট হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে প্রণীত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নোটগুলো নতুন গভর্নরের স্বাক্ষরে পুনরায় ইস্যু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া হলেও একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে নতুন গভর্নরের স্বাক্ষরে বাজারে আনা হবে।
আরও পড়ুন: নিলামে আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন স্বাক্ষর সংযোজন ছাড়া নোটগুলোর রং, আকার, নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্য কিংবা সামগ্রিক ডিজাইনে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ বর্তমানে প্রচলিত নোটের সঙ্গে নতুন নোটের নিরাপত্তা মান ও বাহ্যিক বৈশিষ্ট্য একই থাকবে। একই সঙ্গে বর্তমানে বাজারে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও আগের মতো বৈধ ও চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই বাজারে নতুন বা ফ্রেশ নোটের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণে নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত নোট ইস্যুর পাশাপাশি আগে ছাপানো নোটও বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে নগদ অর্থের সরবরাহ স্বাভাবিক রাখা এবং উৎসবকেন্দ্রিক লেনদেনে চাপ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, জাতীয় স্বার্থে নতুন নোট ইস্যুর বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ জানানো হয়েছে। নতুন সিরিজের নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরা হয়েছে, যা দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে প্রতিনিধিত্ব করে।
নিউজবাংলাদেশ.কম/পলি








