সরকারি কর্মকর্তাকে ‘ভাই’ বলায় লাঞ্ছিত সাংবাদিকরা
যশোরের অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে`স্যার' সম্বোধন না করে ভাই বলায় চার সাংবাদিককে অফিস থেকে বের করে দেয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে এই ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম আব্দুস সোবহান।
স্থানীয় সাংবাদিক আতিয়ার রহমান জানান, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তাসহ অনেক কর্মকর্তা নিয়মিত অফিসে আসেন না। সকাল ১০টায় অফিসে গিয়ে কৃষি কর্মকর্তাকে না পেয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহানের কাছে যাই। গিয়ে দেখি তিনি কয়েকজনের সঙ্গে গল্প করছেন। এ সময় আমি তাকে ভাই সম্বোধন করে কৃষি কর্মকর্তা কোথায় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন। অফিসের পিওনকে ডেকে আমাকে বের করে দিতে বলেন। সাংবাদিক রিপানুর ইসলাম এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করে বের করে দেন।
তিনি জানান, এ ঘটনার পর আরও দুই সাংবাদিক কামরুল ইসলাম ও শেখ জাকারিয়া রহমান বিষয়টি জানতে ওই কর্মকর্তার কাছে গেলে তাদেরও অফিস থেকে বের দেন এবং বলেন ‘আমি একজন বিসিএস ক্যাডার, আমার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না?’
অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. এমদাদ হোসেন শেখ বলেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী ছুটিতে রয়েছেন। আপনারা বিষয়টি মিমাংসা করে নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী জানান, ছুটি শেষে পরে বিষয়টি দেখবো।
নিউজবাংলাদেশ.কম/পিআর








