|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ২৪ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৬:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

যশোরে চুরি হওয়া নবজাতকসহ নারী আটক

যশোরে চুরি হওয়া নবজাতকসহ নারী আটক

যশোরের শার্শায় চুরি হওয়া নবজাতকসহ সালমা বেগম (৫২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০টার দিকে ওই নারী শার্শা উপজেলার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ের পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নবজাতকটিকে চুরি করে নিয়ে যান। 

খবর পেয়ে শার্শা থানার পুলিশ নবজাতকটিকে উদ্ধারে অভিযানে নামে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে নবজাতকসহ সালমা নামে ওই নারীকে আটক করেন।

নবজাতকের বাবা শরিফুল ইসলাম নিউজবাংলাদেশকে জানান, বুধবার সকালে তার স্ত্রী নাসরিন নিজ বাড়িতে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এসময় তাকে তাড়াহুড়া করে নাভারণ সরকারি স্বাস্থ্য ক্লিনিকের মোড়ে পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানেই সিজারিয়ানের মাধ্যমে নাসরিন একটি কন্যা সন্তান প্রসব করেন। 

সন্তান জন্ম হওয়ার পর পর নাসরিনের বোন শিরিনের কোলেই নবজাতকটি ছিল। একসময় সালমা নামে ওই নারী কৌশলে নবজাতকটিকে কোলে নেন। এর পর সবার চোখ ফাঁকি দিয়ে ওই নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান। 

পরে আশপাশে অনেক খুঁজাখুজি করে না পেয়ে শিশুটির বাবা শরিফুল নবজাতক উদ্ধারে শার্শা পুলিশের দ্বারস্থ হন। সকাল ১১টা থেকে শার্শা পুলিশ নবজাতকটিকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে নবজাতকসহ সালমা নামে ওই নারীকে আটক করেন পুলিশ।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান নিউজবাংলাদেশকে বলেন, “ওই নারী সুকৌশলে নবজাতক চুরির বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। উদ্ধারকৃত নবজাতকটিকে তার মায়ের কোলে নিয়ে দেয়া হয়েছে। তবে এ চুরির সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটক নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়